টিটোকে মরিনহোর শুভ কামনা

মাঠে তারা একে অপরের প্রতিপক্ষ; লা লিগায় জায়ান্ট দুটি দলকে সামলানোর দায়িত্ব তাদের কাঁধে। তবে বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা যে ধরনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাতে তিনি তীব্র প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোও তার সাথে লড়াইয়ে হাত মেলালেন। ক্যান্সারে আক্রান্ত টিটোর শুভ কামনা করলেন মাঠের প্রতিপক্ষ মরিনহো। গত বছর থ্রোট ক্যান্সারে আক্রান্ত হন টিটো। গত বৃহস্পতিবার রাতে স্পেনের বার্সেলোনার ভল ডি’হেবর্ন হাসপাতালে তার মুখের টিউমার অপসারণের অস্ত্রপচার করা হয়। সফল অস্ত্রপচারের পর শুক্রবার সকালে তিনি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করেন। ৪৪ বছর বয়সী টিটোর ক্যান্সারের সংবাদ গোটা বিশ্বের কাছে এক বিস্ময় নিয়েই হাজির হয়। মরিনহোর কাছেও এটা এক বিস্ময়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মতে এই ধরনের ব্যাপারে সবাই একই ধরনের ব্যবহার পাওয়া উচিত। আর এই জন্যই টিটো, তার পরিবার এবং আমরা সবাই, আর যাদের ফুটবল এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কোন সংশ্লিষ্টতা নেই তারা এক সাথে এর বিরুদ্ধে লড়াই করবো। আশাকরি সফলতার সাথেই আমাদের যুদ্ধ শেষ করবো।’ এছাড়া জানুয়ারির ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করার কোন সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন হোসে মরিনহো। তিনি এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরো বলেছেন চলতি মৌসুমে মাঠে খুব একটা দেখা না গেলেও ব্রাজিলিয়ান প্লে-¬মেকার কাকার দল ছেড়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। মরিনহো বলেছেন, ‘আমি মনে করি না জানুয়ারি মাসে আমরা খুব একটা কাজ করতে পারব। আর একই সাথে আমি বিশ্বাস করি কাকা দল ছেড়ে যাবে না। যদি সে থেকে যায় তবে সেটা ক্লাবের জন্যই ভাল। ২০০৯ সালে কাকা প্রায় ৬৭ মিলিয়ন ইউরোর (৮৮.৩ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে এসি মিলান থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০০৭ সালের বিশ্বের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জনকারী এই ব্রাজিলীয় মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি। আর তাই তাকে পিছনে ফেলে জার্মান মেসুত ওজিল এবং নতুন চুক্তিভুক্ত ক্রোয়েশিয়ার লুকা মড্রিচকে নিয়েই মরিনহো বেশি সন্তুষ্ট ছিলেন।