মোহামেডান ১ : আরামবাগ ০

শীর্ষে উঠে এলো মোহামেডানও

দীর্ঘদিন পর পয়েন্ট টেবিলের শীর্ষে ঠাঁই পেয়েছে মোহামেডান। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে আরামবাগকে হারিয়ে আবাহনী ও শেখ জামালের পাশে নাম লিখিয়েছে। ৫ খেলায় তাদের পয়েন্ট এখন ১০। সমান খেলায় আবাহনীর পয়েন্টও ১০ এবং এক ম্যাচ কম খেলে একই পয়েন্টের মালিক শেখ জামাল। গতকাল আরামবাগের বিরুদ্ধে মোহামেডানের সূচনাটা দারুণ ছিল। কিন্তু তারা ম্যাচ শেষে স্কোর লাইনটা ১-০তেই থেকে গেল। এতে মোহামেডানের ম্যাচে দাপটটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। বঙ্গবন্ধু স্টেডিযামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান বড় ব্যবধানেই জেতার সুযোগ পেয়েছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি মোহামেডানের খেলোয়াড়রা। ১ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। রজনীকে ছাড়া খেলতে নামা আরামবাগের কাল ডিফেন্স ছিল এলোমেলো। কিন্তু সেই সুযোগ ঠিকমতো নিতে পারছিল না মোহামেডান। শুরুতেই প্লেমেকার আগাস্টিন মিস করেছেন নিশ্চিত গোল। অবশেষে ১৬ মিনিটে গোল পায় মোহামেডান। ইব্রাহিম মুস্তফা বল তুলে দিলে ওসে মরিসন হেড করে বল জালে পাঠান ১-০। এরপরও মোহামেডানের শরিফুলের বাড়ানো বলে ফাঁকা পোস্টে গোল করতে পারেননি ওসে মরিসন। বঞ্চিত হন নিজের দ্বিতীয় গোল থেকে। অথচ এই ঘানাইয়ান স্ট্রাইকার মরিসনই এখন পর্যন্ত লিগের প্রথম হ্যাটট্রিকের মুকুটটা মাথায় নিয়ে ৫ গোল করে এগিয়ে রয়েছেন। শেখ রাসেলের বিরুদ্ধে মোহামেডানের যে পারফরম্যান্স দেখা গিয়েছিল কাল সেটা দেখা যায়নি। আরামবাগের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগগুলো নিজেরাই নষ্ট করেছে। তার খেসরত দিতে বসছিল মোহামেডান। আরামবাগও সে সুযোগটা নিয়েছিল। কিন্তু তাদের ভাগ্য ভালো না। নিজেদের ভুল বুঝাবুঝিতে গোল পায়নি বলে ক্ষেপেছেন কর্মকর্তারা। একটা সময় ম্যাচের শেষ পর্যন্ত আরামবাগ গোল ফিরিয়ে দেয়ার জন্য চেষ্টা করলেও লাভ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লিগে এখন পর্যন্ত আরামবাগ ফেনীতে একমাত্র জয় পেয়েছিল। তাদের এখন পর্যন্ত সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত খেলা নেই। বৃহস্পতিবার শেখ রাসেল-ব্রাদার্স এবং শুক্রবার আবাহনী ও মোহামেডান।