কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ওরাম

আলোচনা সাপেক্ষেই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে অলরাউন্ডার জ্যাকব ওরামকে। নিউজিল্যান্ডর ক্রিকেটকে এখন আর পুরো সময়ের জন্য সময় দেয়া সম্ভব নয়, ওরামের এই অনুরোধের প্রেক্ষিতেই নিউজিল্যান্ড বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলের সাথে না থেকে বরং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এবং বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যেতে চান ওরাম। এ সম্পর্কে ওরাম বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণে অনেকগুলো কারণ কাজ করেছে। এর মধ্যে বয়সের ব্যাপারটি অন্যতম। এছাড়া ক্যারিয়ারের এই সময়ে আমার এই সিদ্ধান্তের পিছনে আমার দ্বিতীয় সন্তানের আসন্ন জন্মের বিষয়টিও কাজ করেছে। টি-টোয়েন্টি ফর্মেট আমি সত্যিকার অর্থেই বেশ উপভোগ করি। আমি মনে করি, এই একটি ফর্মেটেই দীর্ঘদিন ধরে খেলা চালিয়ে যাওয়া যায়। দেশের হয়ে আমি যতদিন খেলেছি পুরোটা সময়ই আমি বেশ উপভোগ করেছি এবং এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। কিন্তু এখন সময় এসেছে জীবনের অন্য দিকগুলোর দিকে নজর দেবার। আমি সৌভাগ্যবান যে, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে পারি। আর তাই জীবনের এই মুহূর্তে এসে আমি এর সাথে থাকতে চাই। সবকিছু ঠিক থাকলে এবং আমি যদি ফর্ম ও ফিটনেস বজায় রাখতে পারি তবে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলে অবশ্যই নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করব। কিন্তু এজন্য আমার এনজেডসি’র উপর কোন প্রত্যাশা নেই।’ অক্টোবর-নভেম্বরে সদ্য সমাপ্ত শ্রীলংকা সফরে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন ওরাম। সেই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। এ সম্পর্কে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, বোর্ড ওরামের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে।-বাসস