মুক্তিযোদ্ধা ও বিজেএমসি গোলশূন্য ড্র

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার হোম গ্রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র ও টিম বিজেএমসি। শনিবার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র ও টিম বিজেএমসির মধ্যে অনুষ্ঠিত গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলা গোলশূন্য ড্র হয়েছে। বিকেল পৌনে ৩টায় খেলা শুরুর পর দু’দল এলোমেলো ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মুক্তিযোদ্ধা ও টিম বিজেএমসি আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে থাকে। উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দু’ দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় কোন দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দু’দল মাঠ ছাড়ে। খেলা শুরুর আগেই গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক জীবনের ঝুঁকি নিয়ে স্টেডিয়ামের নির্মাণাধীন ভবনের ছাদে বসে খেলা দেখে। উভয় দলে ব্রাজিল, ঘানা, ক্যামেরুন, নাইজেরিয়া ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দেখে উপস্থিত দর্শক তাদের করতালির মাধ্যমে উত্সাহিত করেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে গোপালগঞ্জ স্টেডিয়ামে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়।