বাংলাদেশ ব্যাংক সমীপে
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ১৩-১১-২০১২ তারিখের ৩ নম্বর সার্কুলারের বরাত দিয়ে এমআইসিআরযুক্ত চেকবইয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ক্লিয়ারিং চার্জ আরোপ করার সিদ্ধান্ত দেয়া হয়েছে। সিদ্ধান্তটি সময়োপযোগী কিংবা জরুরি কোনোটাই নয়। কারণ গ্রাহককে যাবতীয় ব্যাংকিং সংক্রান্ত সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক পৃথক পৃথকভাবে সার্ভিস চার্জ আদায় করে থাকে। এমনকি হিসাব সংরক্ষণের জন্য প্রতিটি ব্যাংক প্রতিটি হিসাবধারীর কাছ থেকে অ্যাকাউন্ট মেইনটেইন্যান্স ফি হিসাবে সর্বোচ্চ ভ্যাট ছাড়া ৫০০ টাকা ফি আরোপ করেছে। তাছাড়া এমআইসিআরযুক্ত চেক ইস্যুর ক্ষেত্রে প্রতি পাতা চেকের জন্য ভ্যাটসহ ২.৭৫ টাকা হারে ১০ পাতার জন্য প্রায় ২৮ টাকা চার্জ আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বর্ণিত সার্কুলারের মাধ্যমে প্রতিটি ইনস্ট্রমেন্টের জন্য ক্লিয়ারিং/সেটেলমেন্ট চার্জ আরোপ করা হলে বিষয়টি সাধারণ ব্যাংক হিসাবধারীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। এটি কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত ফিল্যান্সিয়াল ইনক্লুসান নীতির পরিপন্থি। ব্যাংকগুলো একদিকে পরিচালনগত মুনাফার পাহাড় গড়ছে, অন্যদিকে বিভিন্ন ফি আরোপের কারণে ব্যাংকিং সাধারণ গ্রাহকদের জন্য ব্যয়বহুল হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংক আগামী বছরের (২০১৩) জানুয়ারির ১ তারিখ থেকে সার্কুলারটি কার্যকর করার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে ক্ষুদ্র হিসাবধারীদের অবস্থান বিবেচনা করে অন্তত লাখ টাকা পর্যন্ত মূল্যমানের চেকের ক্লিয়ারিং/সেটেলমেন্টের ক্ষেত্রে ঐ চার্জ অব্যাহতি পাওয়ার দাবি রাখে। বিষয়টি জরুরিভিত্তিতে বিবেচনাপূর্বক সার্কুলারটি সংশোধন হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি।
মোহাম্মদ সামস্উদ্দীন খালেদা,
জেলা জজ আদালত, কিশোরগঞ্জ।