বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা
পর্যালোচনায় টিআইবির উদ্বেগ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৫২
মার্কিন আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বেশ কিছু পণ্যকে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেয়ার বিষয়টি দ্রুত পর্যালোচনার আহ্বান জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্নীতি বিরোধী সংস্থাটি মার্কিন কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। যাতে করে এ শিল্প ও এর সঙ্গে জড়িত শ্রমিকরা আবারো ক্ষতিগ্রস্ত না হয়।
গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলীয় ১২ জন সদস্য প্রতিনিধি পরিষদের বাণিজ্য প্রতিনিধি রন কির্ককে লেখা এক চিঠিতে বাংলাদেশের তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১১ জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জিএসপির (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) আওতায় বাংলাদেশকে রাখা ঠিক হবে কি না সে বিষয়টি দ্রুত পর্যালোচনার আহ্বান জানান।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের হূদয়বিদারক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শ্রমিকদের কাজের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বন্ধ করা ন্যায্য কিছু হবে না। এর অর্থ হবে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। এছাড়া এর মাধ্যমে নির্দোষ গার্মেন্টস শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। গার্মেন্টসে অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রের মতো আমরাও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানায়।
উল্লেখ্য, শ্রমমান বজায় রাখার শর্তে জিএসপির আওতায় উন্নয়নশীল দেশগুলো থেকে পাঁচ হাজারের মতো পণ্য তাদের বাজারে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের সুযোগ দেয় যুক্তরাষ্ট্র।