ফকিরাপুল ও দৈনিক বাংলার মোড় থেকে ৯ শিবির কর্মী আটক

রাজধানীর ফকিরাপুল ও দৈনিক বাংলার মোড় এলাকায় ৯ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শিবিরের কেন্দ্রীয় নেতাসহ মহানগরের গ্রেফতারকৃত ৪১ নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল সকালে শিবির মিছিল বের করলে পুলিশ ঐ মিছিল থেকে ৯ জনকে আটক করে। আটককৃতদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটকদের নাম বলতে রাজি হয়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার সকালে ফকিরাপুল থেকে শতাধিক শিবিরকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পল্টন থানার এসআই আলাউদ্দীন আলী জানান, মতিঝিল থানার ফকিরাপুল ও দৈনিক বাংলার মোড়ে গতকাল সকালে শিবির কর্মীরা একত্রিত হয়। পুলিশ সেখানে গিয়ে জমায়েতের কারণ জানতে চাইলে শিবির কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে ফকিরাপুল ও দৈনিক বাংলারমোড় থেকে ৯ জনকে আটক করে। প্রসঙ্গত, বুধ ও বৃহস্পতিবার রাতে রাজধানীতে পৃথক কয়েকটি অভিযানে শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাজ্জাদ হোসেন ও সেক্রেটারি গোলাম কিবরিয়াসহ ১২ থানার ৪১ নেতাকর্মীতে আটক করে গোয়েন্দা পুলিশ।