সাংবাদিককে মারধর যুবলীগ নেতা বহিষ্কার গ্রেফতার ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেনকে (৩৩) প্রেসক্লাবের ভেতরে ঢুকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেছে যুবলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীরা। শুক্রবার রাতে এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ঐ সাংবাদিককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফকিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান ওহিদ ফারুককে যুবলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকালে জেলা যুবলীগের সভাপতি খান মুজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সংগঠনবিরোধী ও দলীয় আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হামলায় আহত শেখ ফারুক হোসেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহের ফকিরহাট উপজেলা প্রতিনিধি এবং ফকিরহাট সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত ২১ ডিসেম্বর দৈনিক প্রবাহ পত্রিকায় ফকিরহাটে যাত্রা আসর বসিয়ে অশ্লীলতা ও জুয়া খেলা বিষয়ক একটি সংবাদ প্রকাশের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।