নওগাঁর সাপাহার উপজেলার জবই বিল খননের সময় মাথার খুলি বুকের হাড়সহ প্রায় ১২ খণ্ড মানুষের হাড়ের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ২৬ তারিখ শুক্রবার ভেকো মেশিন দিয়ে জবই বিলের মাটি খনন করা হচ্ছিলো। এ সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে এই মাথার খুলিসহ হাড়গুলো ওঠে আসে।
মাথার খুলি ও হাড় মাটির নিচ থেকে পাওয়া গেছে এমন ঘটনা জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এক নজর হাড়গুলো দেখতে এলাকার লোকজন ছুটে যায় জবই বিল এলাকার ওই খনন কাজের জায়গায়।
খনন কাজের সময় মাথার খুলি ও হাড় পাওয়া এলাকার প্রবীন ব্যক্তিরা মনে করেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় হয়তো এখানে বাঙালিদের হত্যা করে পুতে রাখা হতো। আবার কেউ ধারণা করছে, বর্ষার সময় ভারত থেকে পানিতে ভেশে আসা লাশেরও হাড় হতে পারে।তাই নানা মনে বিভিন্ন ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে।
হাড় গুলো এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তাই এলাকাবাসীর দাবি, প্রশাসনের লোকজন যদি এই মাথার খুলি ও হাড়গুলো সংগ্রহ করে সেগুলোর ডিএনএ টেস্ট করান তাহলে বুঝা যেতে পারে আসল ঘটনা।
এ বিষয়ে খনন কাজের দেখাশুনার দায়িত্বে থাকা বাবুর সঙ্গে কথা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি জানিনা।’ তারা বিড়ম্বনায় পড়বেন কিনা সে জন্য বিষয়টি না জানার ভান করলেও বিভিন্ন প্রশ্নে তিনি এক সময় বলেন, ‘আমি গতকাল বিষয়টি শুনেছি। আজ দেখলাম। আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’
আরও পড়ুনঃ মহাদেবপুরে ডায়রিয়ায় পিতা-পুত্রের মৃত্যু
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, ‘আমি বিষয়টি লোকমুখে শুনেছি। জবই বিল এলাকায় খাড়ি খননের সময় মাথার খুলিসহ হাড় পাওয়া গেছে। আমি শুনেছি অনেক আগে সেখানে শশ্মান ঘাট ছিল। হাড়গুলো শশ্মান ঘাটের হতে পারে।’
ইত্তেফাক/নূহু