বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণের প্রশ্নই আসে না :মোশাররফ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১৪ দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, খালেদা জিয়া নয়, জনগণের আন্দোলনের মুখে শিগগির আপনারা জনগণের কাছে আত্মসমর্পণে বাধ্য হবেন। খালেদা জিয়ার আত্মসমর্পণের প্রশ্নই আসে না। অপেক্ষা করুন খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের দিন ঘনিয়ে আসছে। পতনের সময় চলে এলে সব সরকারই এমন স্বৈরাচারী আচরণ করে ।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মোশাররফ একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশারের মুক্তির দাবিতে সুত্রাপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।