ছাত্ররা করপোরেট পুঁজির দালালে পরিণত হয়েছে
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, আজকের ছাত্র রাজনীতির কোন আদর্শ নেই। ছাত্ররা আদর্শিক লড়াই থেকে সরে সবাই করপোরেট পুঁজির দালালে পরিণত হয়েছে। আমাদের আদর্শ থেকে বিচ্যুত হলে চলবে না। জাতীয় প্রেস ক্লাবে গতকাল শনিবার ভিআইপি লাউঞ্জে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (রুনেসা) আয়োজিত ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ এবং ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার যদি খালেদা জিয়ার ওপর শ্রদ্ধাবোধ থাকতো, খালেদা জিয়ার যদি শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাবোধ থাকতো—তাহলে কেউ চরিত্রহরণমূলক কুিসত কুরুচিপূর্ণ বক্তব্য রাখতেন না।
রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
‘পদ্মায় দুর্নীতি না হলে
দুদকের মামলা কেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন— বিশ্বব্যাংক পদ্মা সেতুতে টাকাই দেয়নি, দুর্নীতি হলো কীভাবে? আমি জানতে চাই, যদি দুর্নীতি নাই হয়, তাহলে দুদক সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে বাদ দিয়ে সাতজনের বিরুদ্ধে কেন মামলা করলো? জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শনিবার জিয়া পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জিয়া পরিষদের ঢাকা মহানগর সভাপতি ডা. শফিকুল ইসলামের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। তিনি সরকারের উদ্দেশে বলেন, ভাষার অধিকার আদায়, স্বাধীনতা অর্জনসহ বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষা ব্যর্থ হয়নি, তত্ত্বাবধায়ক সরকারের আকাঙ্ক্ষাও ব্যর্থ হবে না। তাই অবিলম্বে এ দাবি মেনে নিন। অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।
সংগঠনের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।