যুক্তরাষ্ট্রের স্কুলে সশস্ত্র নিরাপত্তা কর্মী রাখতে হবে :এনআরএ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২৩
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) নির্বাহী ওয়েন লা পিয়েরে বলেছেন, শিশুদের নিরাপত্তার জন্য স্কুলে সশস্ত্র নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সশস্ত্র অপরাধীকে প্রতিহত করার একমাত্র উপায় অস্ত্রধারী ভালো মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলের গ্রামীণ এলাকায় এক ব্যক্তির পিস্তলের গুলিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালানোর সময় রাজ্য পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হন। শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ পর পেনসিলভানিয়ার ফ্রাঙ্কস্টোন টাউনশিপে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পেনসিলভানিয়া রাজ্য কর্তৃপক্ষ। খবর আল জাজিরা ও রয়টার্সের।
কানেকটিকাটে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শিশুর মৃত্যুর পর এই প্রথম সংবাদ সন্মেলনে বক্তব্য দিলেন লা পিয়েরে। অস্ত্র বিরোধীরা সম্মেলন প্রতিহত করার চেষ্টা করে। তাদের ব্যানারে লেখা ছিল ‘এনআরএ’র হাতে রক্ত লেগে আছে, এনআরএ আমাদের সন্তানদের হত্যা করছে’ ইত্যাদি। এনআরএ অস্ত্র আইন কঠোর করার বিপক্ষে। নিউটাউনে বন্দুক হামলার পর ৪৩ লাখ সদস্যের এনআরএ অস্ত্র বিরোধীদের সাথে সব ধরনের বিতর্ক এড়িয়ে চলে। নীরবতাকে তারা একটি কৌশল হিসেবে বেছে নেয়। তবে এবার তারা কৌশল পাল্টেছে। তারা তাদের বন্ধ ফেসবুক পেজ পুনরায় চালু করেছে।
পেনসিলভানিয়ার হামলাকারী গির্জার ভিতর এক নারীকে গুলি করে হত্যার পর নিকটবর্তী দুটি বাড়িতে গিয়ে দুই ব্যক্তিকে একইভাবে হত্যা করে। এরপর নিজের পিকআপ গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দুটি টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে সে। সামনে থাকা পুলিশের অপর একটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। কনেকটিকাটের ঘটনার প্রতিক্রিয়ায় অস্ত্র রাখার অবাধ অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে। পেনসিলভানিয়ার ঘটনাটি এ বিতর্ককে আরো জোরালো করতে পারে।