ধানমন্ডিতে দিনেদুপুরে ছিনতাই
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:২৩
দিনদুপুরেও ধানমন্ডি এলাকায় চলাফেরা এখন আর নিরাপদ নয়। ছিনতাইকারীরা প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে যাচ্ছে হাতের মোবাইল ফোন, ল্যাপটপ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র।
গত ১৮ ডিসেম্বর ছিল জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে বাম দলগুলোর হরতাল। অনেক কষ্টে ওইদিন সকাল ১১টার দিকে মিরপুর থেকে মেট্রো শপিং মলের সামনে পৌঁছান একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরিরত জিশান আহমেদ। রাস্তা পার হয়ে তিনি ধানমন্ডি নিজের অফিসের দিকে যাচ্ছিলেন। কাঁধে তার ল্যাপটপের ব্যাগটি। মুহূর্তের মধ্যেই একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার নিয়ে দু’তিন যুবক তার ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও জিশান তাদের ধরতে পারেননি। পরে তিনি ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুধু জিশান নয়, এমন অনেকেই এখন ধানমন্ডিতে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হচ্ছেন।