মোশাররফ-মনির জুটির ‘পেরেশান’

নিজের লেখা গল্পের নাটক ‘পেরেশান’ নিয়ে আবারও জুটি বেঁধে আসছেন মোশাররফ করিম ও মনির হোসেন। এর আগে একাধিক নাটকে একসাথে জুটিবেঁধে কাজ করে প্রশংসিত ও দর্শক সমাদৃত হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবারে প্রথমবারের মতো নিজের লেখা একটি দীর্ঘ ধারাবাহিকে একসাথে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন। ‘পেরেশান’ নাটক প্রসঙ্গে নাট্যকার ও অভিনেতা মনির হোসেন বলেন, ‘আমার আর মোশাররফ করিমের ভেতরকার কেমিস্ট্রি বরাবরের মতোই খুব ভালো। এবং দর্শকেরাও সব সময়ই গ্রহণ করেছে। আর আমি নিজেও যেহেতু নাটকের সিডির ডিস্ট্রিবিউটর তাই বাজারের চাহিদাটাও আমার নখদর্পনে। সেই ভাবনা থেকেই একেবারে সমসাময়িক গল্প নিয়ে এই মেগা ধারাবাহিকটি তৈরির কাজে হাত দিই। এটি পরিচালনা করছেন আরিফ খান। নাটকটি সবদিক দিয়ে দর্শকদের মন কাড়বে বলে আমার বিশ্বাস।’ নাটকের গল্প প্রসঙ্গে বলেন, ‘শহুরে জীবনে আমরা অর্থের জন্যই সবাই ‘পেরেশান’ থাকি। সেই কঠিন বাস্তবতাই আমার এই নাটকে উঠে এসেছে। সবদিক দিয়ে এই নাটকটি সমসাময়িক দর্শকদের ভেতরে এক ধরনের নতুন আগ্রহ তৈরি করবে বলে আমার বিশ্বাস।’ ‘পেরেশান’ নাটকে অভিনয় করেছেন ডাক্তার এজাজ, সোহেল খান, কচি খন্দকারসহ একঝাঁক তারকা। উল্লেখ্য, গত শনিবার মনির হোসেনের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এটি তার তৃতীয় সন্তান। মনির বলেন, ‘দুই ছেলের পর আমার কন্যার প্রতি এক প্রচণ্ড আগ্রহ ছিল, আল্লাহতায়ালা আমার সেই ইচ্ছেও পূরণ করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’