‘সাউথ এশিয়া এজেন্সি অফ দ্য ইয়ার ২০১২’

ব্রোঞ্জ পদক পেল অ্যাডকম

দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহত্ ব্র্যান্ড মার্কেটিং এবং সোস্যাল কমিউনিকেশনে পথপ্রদর্শক হিসেবে কাজ কাজ করে যাচ্ছে অ্যাডকম লিমিটেড। কৃষিসামগ্রী, গৃহসামগ্রী, টয়লেট্রিজ, কন্ট্রাসেপটিভ, অটোমোবাইল, ফুড এন্ড বেভারেজ এবং পারসোনাল হাইজিন দ্রব্যাদির স্ট্র্যাটেজি, আইডিয়া থেকে শুরু করে তার ইমপ্লিমেন্টেশনে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে বহুদিন ধরেই অ্যাডকমের সুনাম অক্ষুণ্ন রয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী প্রতিষ্ঠানটি তার ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে অর্জন করেছে ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিকের ‘সাউথ এশিয়া এজেন্সি অফ দ্য ইয়ার ২০১২’ ব্রোঞ্জ পদক। বিজ্ঞাপন শিল্পের পর্যবেক্ষণ, গ্রাউন্ড ব্রেকিং এবং সেরা বিজ্ঞাপনের জন্য শীর্ষস্থানীয় বিজ্ঞাপন বিষয়ক ম্যাগাজিন ‘ক্যাম্পেইন’ এর উদ্যোগে ১৯ বছর ধরে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেয়া হচ্ছে। অ্যাডকমের কর্ণধার গীতিআরা সাফিয়া চৌধুরী এই পুরস্কার প্রাপ্তির বিষয়ে অত্যন্ত আনন্দপূর্ণ অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার অসম্ভব ভাল লাগছে। আমরা আশাই করিনি যে, অ্যাওয়ার্ডটি পাবো। তবে খুশির সাথে সাথে এটাও মনে হচ্ছে যে, আমাদের দায়িত্ব বেড়ে গেল।’ সাফিয়া চৌধুরী বিজ্ঞাপনের মান ধরে রাখার বিষয়ে মানসিক প্রত্যয় অনুভব করেন। তরুণ উদ্যোক্তা ও নির্মাতাদের সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন যে, সবাই চেষ্টা করছে, তবে প্রতিযোগিতাটা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। সংবাদপত্র, টিভি চ্যানেল, রেডিও ইত্যাদির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের মানও ক্রমশই উন্নত হচ্ছে। অর্থাত্, এখন কেবল নিজ দেশে নয়, বরং সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সময় এসেছে। নিজের দেশের ভোক্তাদের সম্পর্কেও সচেতনতা জরুরি। ‘সাউথ এশিয়া এজেন্সি অফ দ্য ইয়ার ২০১২’ ব্রোঞ্জ পদক ছাড়াও ঢাকা অ্যাডফেস্ট ২০১২ তে অ্যাডকম ২টি গোল্ড ও ২টি সিলভার পুরস্কার লাভ করেছে।