পাবনার খ্রিষ্টান পল্লীতে উত্সবের আমেজ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শুভ বড়দিন। আর বড়দিন উদযাপনকে ঘিরে পাবনার ২৫টি খ্রীষ্টান পল্লীতে বিরাজ করছে উত্সব মুখর পরিবেশ। ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিভিন্ন পেশাজীবী মানুষ স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনায় নিজ গ্রামে যেতে শুরু করেছেন।
বড়দিন ঘিরে পাবনার ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক চার্চগুলো সজ্জিত করার কাজ চলছে। গির্জার ভেতর ও বাইরে এবং অনেকের বাড়িতেই যিশুর জন্মের ইতিহাস অনুসরণে ‘গোশালা’ তৈরি করা হচ্ছে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বড়দিন পালনের জন্য গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ‘ক্রিসমাস ট্রি’, রঙিন বল, জরি ও রঙ-বেরঙের লাইট দিয়ে সাজানো হচ্ছে।
পাবনা সদরে ১টি, চাটমোহরে ৫টি, ঈশ্বরদীতে ৪টি, আতাইকুলায় ২টি ও আটঘরিয়ায় ১টিসহ পাবনার ১৩টি গির্জায় বড়দিন উদযাপনে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। বড়দিন উপলক্ষে পাবনার রাঘবপুর, আতাইকুলা, চাচকিয়া, চাটমোহর উপজেলার মথুরাপুর, খয়েরবাড়িয়া, গোয়ালবাড়িয়া, উথুলী, লাউতিয়া, ভাদরা, কাতুলী, ফৈলজানা, নেংড়ি, কুয়াবাসী, সাইপাই, আটঘরিয়া উপজেলার একদন্ত, ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়াসহ অন্তত: ২৫টি গ্রামের খ্রিষ্টান পল্লীতে বিরাজ করছে উত্সবের আমেজ। পাবনা ব্যাপ্টিস্ট চার্চের সেক্রেটারী উত্তম দাস জানান, বড়দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বড়দিনের কীর্তন, বড়দিনের উপাসনা, বিশেষ প্রার্থনা, পিঠা পর্ব ও বড় দিনের কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশ জানিয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।