যুব সমাজই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে -সাজেদা চৌধুরী
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত্। যুব সদস্যরাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। তিনি আরো বলেন, দেশের চেয়ে বড় এবং আপন আর কিছু নাই। এই দেশ গঠনে তাই সকলের এগিয়ে আসা উচিত। চট্টগ্রামের হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত ‘‘দ্বাদশ জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-১২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দা সাজেদা চৌধুরী ক্যাম্পে অংশগ্রহণকারী যুব সদস্যদের উদ্দেশে বলেন, তোমরা উঠে দাঁড়াও। দেশের দায়িত্ব নাও। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ফুটিয়ে তোলো।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, নুরনবী চৌধুরী, শেখ রইসুল আলম ময়না, আলহাজ্ব মো. আবুল বাসার, কবির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির বাংলাদেশস্থ প্রধান মার্ক আর্চারম্যান এবং আন্তর্জাতিক রেডক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটির বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত প্রধান প্রতিনিধি জোসেফ মেয়াম্ব। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্প কমান্ডার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন আবু বকর (অবঃ), রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এবং চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম, এ, সালাম। -প্রেস বিজ্ঞপ্তি