নিউজিল্যান্ড সফর

বিশ্রামে পিটারসেন

কেভিন পিটারসেনকে বিশ্রামে রেখে নিউজিল্যান্ডের মাটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড। গতকাল রবিবার ১৪ সদস্যর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পৃথক দল ঘোষণা হয়। জেমস অ্যান্ডারসন, জোনাথন ট্রট এবং গ্রায়েম সোয়ান ওয়ানডে দলে ফিরেছেন। আর অন্যদিকে ইনজুরি আক্রান্ত অধিনায়ক স্টুয়ার্ট ব্রড টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে রয়েছেন। জাতীয় নির্বাচক জিওফ মিলার জানান, চাপ কমিয়ে আনার জন্য বিশ্রামে রাখা হয়েছে পিটারসেনকে। মিলার চাইছেন শারীরিক ও মানসিকভাবে যেন খেলোয়াড়রা প্রাণবন্ত থাকেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ৯ ফেব্রুয়ারি অকল্যান্ডে শুরু হবে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হ্যামিল্টনে শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। ইংল্যান্ড টি-টোয়েন্টি দল স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জোস বাটলার, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, মিশেল লাম্ব, স্টুয়ার্ট মিকার, এউইন মরগ্যান, সামিত প্যাটেল, জেমস ট্রেডওয়েল, লুক রাইট। ইংল্যান্ড ওয়ানডে দল অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, স্টিভেন ফিন, ক্রেইগ কিসউইটার, এউইন মরগ্যান, সামিত প্যাটেল, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট।