মির্জাপুরে ৭ মণ চোলাই মদসহ ৫ জন গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় মেলা উপলক্ষে জুয়া ও মাদকের জমজমাট ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫/৬টি এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে । আইন-শৃংখলার ঘটছে চরম অবনতি। গত শনিবার সন্ধ্যায় র্যাব অভিযান চালিয়ে গায়রাবেতিল এলাকা থেকে কন্টেইনার ভর্তি ৭ মণ চোলাই মদসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এদিকে গত ১০ নভেম্বর উপজেলার পাকুল্যা এলাকায় মাদক বিরোধী এবং জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। এর আগে মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কয়েক হাজার নারী-পুরুষ মাদক ব্যবসা বন্ধের জন্য বিক্ষোভ মিছিল করে। গতকাল রবিবার সরেজমিন ঘুরে এবং অনুসন্ধান চালিয়ে জুয়া ও মাদকের এসব ভয়াবহ চিত্র দেখা গেছে। বিশেষ করে গত ১৬ ডিসেম্বর থেকে মির্জাপুর স্টেডিয়াম মাঠে ১২ দিনব্যাপী বিজয় মেলা শুরু হওয়ায় মাদকের প্রসার ব্যাপকহারে বেড়ে গেছে। মেলা উপলক্ষে দেওহাটা এলাকায় হাউজির নামে বসানো হয়েছে জুয়া আর মাদকের আসর । প্রতিদিন এখানে লাখ লাখ টাকার জুয়া খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চুরি-ডাকাতিসহ আইন-শৃংখলার ঘটেছে চরম অবনতি।