নেপালে সামাজিক ব্যবসা সম্মেলন সমাপ্ত

নেপালে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন গতকাল রবিবার শেষ হলো। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নেপাল, কনফেডারেশন অব নেপালিজ ইন্ডাস্ট্রিজ এবং রুরাল মাইক্রোফিন্যান্স সেন্টার এই সম্মেলনের আয়োজক। উচ্চ পর্যায়ের এই সম্মেলন গত শুক্রবার শুরু হয়। ক্ষুদ্র ঋণ নিয়ে চর্চা করেন এমন তিনশ জন এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলন উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণের মতো এমন এক আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেছেন যা দিয়ে দারিদ্র্য নিরসন সম্ভব। ১৯৯২ সাল থেকে নেপালে এই পথ অনুসরণ করা হচ্ছে। সম্মেলনে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের উদ্ভাবক নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস বলেন, টাকা রোজগারে আনন্দ পাওয়া যায়। তবে তার চেয়েও বেশি আনন্দ অন্য মানুষকে আনন্দ দেয়ার ভেতর। সম্মেলন শেষে ইউনূস সেন্টারের পক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চৌধুরী গ্রুপের পক্ষে বিনোদ চৌধুরী যৌথভাবে ১ মিলিয়ন ডলার সামাজিক ব্যবসা তহবিল গঠনের ঘোষণা দেন। এই তহবিল দিয়ে সামাজিক ব্যবসা গঠনের মাধ্যমে নেপালের জ্বালানি শক্তি, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, পরিবেশ বিপর্যয়রোধ প্রভৃতি সমস্যা নিরসনে চেষ্টা করা হবে।