উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদ

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে সভাপতি, নাট্যব্যক্তিত্ব প্রবীর সরদারকে সাধারণ সম্পাদক এবং মামুনুর রশিদকে কোষাধ্যক্ষ করে পরবর্তী দুই বছর মেয়াদের জন্য উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হয়েছে। শনিবার উদীচীর দুইদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে সর্বসম্মতভাবে মোট ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা ও শপথগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানমালার শুরুতেই ছিল উদীচী কেন্দ্রীয় সংসদ পরিচালিত শিল্পকলা বিদ্যালয় ‘বিশ্ববীণ’-এর শিল্পীদের পরিবেশনায় রায়বেশে নৃত্য। অতীতকালে মূলত যুদ্ধকৌশল হিসেবে এ শৈলীর উদ্ভব হলেও কালের পরিক্রমায় তা নৃত্যশৈলীতে পরিণত হয়। বিলুপ্তপ্রায় এ নৃত্যশৈলীকে পুনরুজ্জীবিত করতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন উদীচীর নৃত্যশিল্পীরা। শনিবার রায়বেশে নৃত্য মুগ্ধ হয়ে উপভোগ করেন পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উপস্থিত সহস্রাধিক দর্শক। রায়বেশে নৃত্যের পর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন মাহিদুল ইসলাম। এরপর ছিল শেখ আলাওলের একক সঙ্গীত পরিবেশনা। তার পরিবেশনায় মেতে ওঠেন দর্শকরা। শেখ আলাওলের পর সমবেত লোকসঙ্গীত নিয়ে মঞ্চে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, উদীচীর শিল্পীরা। তাদের সমবেত কণ্ঠের লোকসঙ্গীতে দর্শকরা গ্রামীণ বাংলার আবেশ পেয়ে উচ্ছলিত হয়ে ওঠেন। লোকসঙ্গীতের আমেজ থাকতে থাকতেই একক আবৃত্তি পরিবেশন করেন মাশকুরে সাত্তার কল্লোল। এরপর ছিল আরিফ রহমানের একক সঙ্গীত পরিবেশনা। আরিফ হোসেনের সঙ্গীত পরিবেশনার পর মঞ্চে আসেন উদীচী কেন্দ্রীয় সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন সুমা রায়। সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টাদশ জাতীয় সম্মেলনের দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা।