আজ আইইবির নির্বাচন

আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশের (আইইবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকাসহ সারাদেশে ১৬টি কেন্দ্রে ও ৩৫টি উপকেন্দ্রে আজ সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। বর্তমানে আইইবি সদস্যসংখ্যা ৪০ হাজার হলেও ভোটার হচ্ছেন ১৯ হাজার। আইইবির দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা যায়। অরাজনৈতিক হলেও প্রায় ১২ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলী প্যানেল নামে আওয়ামী লীগপন্থি একটি পক্ষ এবং এর বিপরীতে বিএনপি ও জামায়াত একটি পক্ষের প্যানেল প্রতিবছর এই নির্বাচন করছে। এবারের আওয়ামী লীগপন্থি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যানেলে সভাপতি পদে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক মো. শামীম জেড.বসুনিয়া। বিরোধীপক্ষ থেকে ওই পদে কোনো প্রার্থী নেই। সাধারণ সম্পাদক পদে আওয়ামী প্যানেল থেকে আছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান। বিরোধী প্যানেলে রয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিয়া মোহাম্মদ কাইয়ুম।