নওগাঁর বোরো ক্ষেত কোল্ড ইনজুরিতে আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি গত এক সপ্তাহের ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডাজনিত কারণে জেলার বোরো ধানের বীজতলাসহ কয়েকটি রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের বিশেষজ্ঞদের মতে মাত্রাতিরিক্ত ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে রবি ফসলের ক্ষেতসহ বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে মৌসুমী আবাদের চরম ক্ষতি হচ্ছে। এর মধ্যে গত তিন-চারদিন ধরে মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে গম, আলু ও সরিষাসহ অধিকাংশ বোরো ধানের বীজতলা লালচে বর্ণ ধারণ করে মরে যেতে শুরু করেছে। এ অবস্থায় জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বোরো ধানের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে। শনিবার দুপুরে জেলার মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তীব্র ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে ওই এলাকার অধিকাংশ বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। বিভিন্ন বীজক্ষেতে বুনে রাখা বীজধান রোদ না পেয়ে পচে যেতে শুরু করেছে। দেড় হাজার বিঘা জমির বীজতলা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম নুরুজ্জামান জানান, জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ হেক্টর জমিতে। এর বিপরীতে বীজতলার প্রয়োজন হবে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে। উপ-পরিচালক আরো জানান, ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে ইতিমধ্যে নানা ধরনের কৃষিবিষয়ক প্রচারপত্র বিলি করা হচ্ছে। প্রচারপত্রে সন্ধ্যায় বীজক্ষেত পলিথিন দিয়ে ঢেকে রাখা অথবা পানি দিয়ে ডুবিয়ে রেখে সকালে তা অপসারণের পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বীজক্ষেতে জিপসার ব্যবহার করারও পরামর্শ দেয়া হচ্ছে।