মহেশখালীতে স্থাপিত হচ্ছে কোস্টগার্ড স্টেশন
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১১
কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু, বনদস্যু ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরালো করতে অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার পর কোস্টগার্ডের স্থানীয় স্টেশন স্থাপন করতে আদিনাথ এলাকায় ৫ একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মোছাম্মদ হাজেরা খাতুন স্বাক্ষরিত গত ২১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে মহেশখালীতে স্থানীয়ভাবে কোস্টগার্ডের স্টেশন স্থাপন হওয়ার খবরে সাধারণ জনগণ ও জেলেদের মধ্যে আনন্দ দেখা দিলেও জলদস্যু, বনদস্যু ও চোরাচালানীসহ অবৈধ ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানা গেছে। মহেশখালী উপজেলা মাঝি মাল্লা সমিতির সভাপতি মোহাম্মদ জালাল আহমদ বলেন, দীর্ঘদিন পর হলেও কোস্টগার্ডের স্থায়ী স্টেশন হওয়ায় জেলেরা কিছুটা হলেও নিরাপদে সাগরে মাছ আহরণ করতে পারবে।