পাকিস্তান সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১১
চাপে থাকা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক রেখেই গতকাল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। গত বিশ্বকাপ শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরেছেন মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিং।
মরণব্যাধি ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার একমাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের টি-টোয়েন্টি দলে পুনরায় ডাক পান যুবরাজ। গত এপ্রিলে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
দলের সবচেয়ে সিনিয়র সদস্য শচিন টেন্ডুলকার ওয়ানডে থেকে অবসর ঘোষণায় নির্বাচকরা তরুণ আজিনকা রাহানেকে দলে ডেকেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ভালো করতে না পারা পেসার জহির খানকে বিবেচনায় রাখেনি সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। ইংল্যান্ডের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ম্যাচে না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পুনরায় দলে ডাক পেয়েছেন বিরেন্দার শেবাগ।
ইশান্ত শর্মা, আজিনকা রাহানে, অমিত মিশ্র এবং অশোক ডিন্ডা পুনরায় ফিরলেও ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলবে ভুবনেশ্বর কুমার ও সামি আহমেদ।
অধিনায়ক ধোনির নেতৃত্বাধীন দলের মূলশক্তি হিসাবে বিবেচিত শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রায়না যথারীতি দলে রয়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও দল ঘোষণা করেন নির্বাচকরা। টি-টোয়েন্টি দলে একমাত্র নতুন মুখ অভিমন্যু মিথুন।
—বাসস
ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরেন্দার শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আজিনকা রাহানে, অশোক ডিন্ডা, ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ, অমিত মিশ্র।
টি-২০ দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, আজিনকা রাহানে, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অশোক ডিন্ডা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, প্রবীন্দার আওয়ানা, পীযূষ চাওলা, আম্বাতি রাইদু।