সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১১
ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি চেয়ারম্যান সংবর্ধিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এটিএম আহমেদুল হক চৌধুরীকে উপজেলাবাসীর পক্ষে শনিবার স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে সর্বদলীয় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।
কুমিল্লায় ড. সায়মাকে সংবর্ধনা
দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা\ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর কনিষ্ঠ কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস ইংল্যান্ড থেকে পিএইচডি ডিগীি লাভ করায় শনিবার কুমিল্লা সদর দক্ষিণের নোয়াগ্রাম চৌধুরী বাড়িতে ডা. আলহাজ্ব সহিদুল হক চৌধুরীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এতে চৌধুরী পরিবারের সদস্যবৃন্দ, এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুরে স্কুল ছাত্র হত্যায় মামলা
গাজীপুর প্রতিনিধি\ বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ করে স্কুল ছাত্র কাজী সাকিব আহমেদ ফিহাকে কুপিয়ে হত্যার ঘটনায় নয় জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের পিতা কাজী আলাউদ্দিন বাদি হয়ে হিমেলকে প্রধান আসামি করে শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন।
জমজ শিশু তৃষ্ণা-কৃষ্ণার জন্মদিন পালন
কেশবপুর(যশোর) সংবাদদাতা \ হতদরিদ্র বাবা-মার ঘরে জোড়া মাথা নিয়ে জন্ম নিলেও ভাগ্যের চাকায় আজ তৃষ্ণা-কৃষ্ণা অষ্ট্রেলিয়ার অধিবাসী। তারা এখন সেই জলবায়ুতে বেড়ে উঠছে। তারপরও তাদের বাবা-মার সান্ত্বনা তাদের পরম আদরে সন্তান বেঁচে আছে। ২২ ডিসেম্বর ছিল তৃষ্ণা-কৃষ্ণার ৬ষ্ঠ জন্মদিন। নিজ জন্মস্থানে তেমন কোন আয়োজন না থাকলেও ভিনদেশে অভিভাবকের কাছে খুব জাঁক-জমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে তাদের ৬ষ্ঠ জন্মদিন।
দাগনভূঞায় শীতবস্ত্র বিতরণ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ মার্কেন্টাইল ব্যাংক লিঃ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকরাম হোসেন হুমায়ুনের পক্ষ থেকে রবিবার দাগনভূঞা উপজেলার ২শ’ মুক্তিযোদ্ধা পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা হোসনেয়ারা চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়তউল্যাহ বাঙ্গালী উপস্থিত ছিলেন।
চাটমোহরে চরমপন্থী আতংক
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনা চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামে শনিবার রাতে চরমপন্থি দল নকশাল সদস্যরা হানা দেয়। এ সময় গ্রামবাসী আতংকিত হয়ে পড়েন। গ্রামের মসজিদের মাইকে গ্রামবাসীকে বেরিয়ে আসার আহবান জানানোর পর চরমপন্থিরা একাধিক ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
নেত্রকোনায় বিএনপির মিছিলে বাধা
নেত্রকোনা প্রতিনিধি \ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রবিবার নেত্রকোনা জেলা বিএনপির মিছিল পুলিশের বাধার কারণে হতে পারেনি। পরে ছোটবাজারস্থ দলীয় অফিসের সামনে তারা বিক্ষোভ করে।
মোরেলগঞ্জে পানের বরজে অগ্নিকাণ্ড
মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিণ কচুবুনিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে অত্র গ্রামের আবুবকর সিদ্দিক শেখের স্ত্রী ইউপি সদস্য রাবেয়া বেগমের পানের বরজে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
বটিয়াঘাটায় যক্ষ্মা নিয়ন্ত্রণে আলোচনা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রবিবার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফরিদ রানা, ইউপি সদস্য বিবেক বিশ্বাস, কিংকর রায়।
রহনপুরে সমবায় বাজার উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর রহনপুর স্টেশন বাজারে সমবায় বাজার উদ্বোধন করা হয়েছে। এ সমবায় বাজারের উদ্বোধন করেন জেলা সমবায় অফিসার মি.সূর্য হেমরম। রবিবার দুপুরে রহনপুর স্টেশনস্থ চিনুর দোকানে রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মি.সূর্য হেমরম।
ভালুকায় নাম সংকীর্তন
ভালুকা সংবাদদাতা\ ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপাড়ায় এডভোকেট রাখাল চন্দ সরকার ও নকুল মণ্ডলের বাড়ির কেন্দ ীয় রাধাগোবিন্দ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ৫৬ প্রহরব্যাপী ২০তম সার্বজনীন হরিনাম সংকীর্তন ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শনিবার রাত থেকে শুরু হয়েছে।
কালিয়াকৈরে সিএনজি পাম্পে আগুন
কালিয়াকৈর সংবাদদাতা \ শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান নামক স্থানে তুরাগ সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের একটি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। একটি গাড়িতে সিএনজি ভর্তি করার সময় হঠাত্ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ফল প্রকাশ
সিরাজগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ুন কবির। অধ্যক্ষ মোঃ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে স্কুল শাখার বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সঞ্জয় কুমার সূত্রধর, প্রভাষক মোঃ ইয়াসীন আলী প্রমুখ।
পাথরঘাটায় তোপের মুখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মরহুম মজিবুল হকের কবর জিয়ারত করতে এসে ছাত্রলীগের তোপের মুখে পড়লেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু।
হাইকোর্টের আদেশ অমান্য করে নির্মাণ কাজ
নরসিংদী প্রতিনিধি \ মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে সিরাজুল ইসলামের কন্যা মাকসুদা ইসলাম উপজেলার চালাকচর মৌজার ১১৪৫ নং খতিয়ানে ৫৩৩১ নং দাগে নাল জমির ৩২ শতাংশের মধ্যে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এক নিষেধাজ্ঞায় অবৈধভাবে স্থাপনা বা নির্মাণ কাজ বন্ধ রাখার আদেশ জারি করে।
মুন্সীগঞ্জে এম.পি এমিলির উঠান বৈঠক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, বিএনপির অবরোধ কর্মসূচি প্রমাণ করে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়না। বিজয়ের মাসে রাজপথ দখল করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে রাখতে চায় বিএনপি জামায়াত জোট।
গাংনীতে রাইসমিলে শ্রমিকের পা কর্তন
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ রাইসমিলের ফিতায় জড়িয়ে মিলের শ্রমিক শহিদুল ইসলাম (৩৫) এর একটি পা কেটে পড়ে গিয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মনিরুল ইসলাম শাহজির মিলে ওই শ্রমিক ধান ভাঙ্গানোর সময় মিলের ফিতার সাথে তার বাম পা জড়িয়ে পড়ে। মিলের সুইজ বন্ধের আগে শ্রমিকের পা কেটে পড়ে যায়।
শ্রীনগরে আওয়ামী লীগের সম্মেলন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেলিন।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার রাতে অনুষ্ঠিত হয়। মোট ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫টি পদে নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে এ কে নাছিম খান ও সাধারণ সম্পাদক পদে সাইফুল হক মোল্লা দুলু নির্বাচনে বিজয়ী হন।
সোনাতলা আওয়ামী লীগের সম্মেলন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পর শনিবার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর অডিটরিয়ামে নুরুল আনোয়ার বাদশার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
ভালুকা গফরগাঁও সমিতির বর্ষপূর্তি উদযাপন
ভালুকা সংবাদদাতা \ ভালুকা গফরগাঁও সমবায় সমিতি লিমিটেডের বর্ষপূর্তি শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সমিতির সভাপতি এম.এ বাছেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহাম্মেদ ধনু।
ছাগলনাইয়ায় নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীরকুল গ্রামে দেবরের মারধর ও নির্যাতনের শিকার হয়ে চোখ হারাতে বসেছে প্রবাসীর স্ত্রী রানু আক্তার (২৮)। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পাষণ্ড দেবর কামালউদ্দিনকে (৩০) পুলিশ গ্রেফতার করে।
কসবা সরকারী হাইস্কুলের ’৭১-’৭২ ব্যাচের পুনর্মিলনী
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্যদিয়ে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭১-৭২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালীতে যুব ইউনিয়নের সম্মেলন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলা যুব ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। যুবনেতা আ.লতিব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় সদস্য অজিত বিশ্বাস, ফরিদপুর জেলা সভাপতি তফাজ্জেল হোসেন লস্কর প্রমুখ।
নাসিরনগরে আশার কর্মশালা
নাসিরনগর সংবাদদাতা \ উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠ আয়ত্ত করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি শিক্ষাকেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়ায় সমাবেশ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশ করে ভিজিডি কার্ড হোল্ডার নির্ধারণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেবিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে ভিজিডি কার্ড হোল্ডার নির্ধারণ করা হয় ।