ওয়ানডে ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন টেন্ডুলকার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:২৯
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দর্শকরা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন। আগে-পরে অনেক ঐতিহাসিক ক্রিকেটীয় ঘটনা দেখেছেন তারা। এবার নিশ্চিত হওয়া গেল, ঢাকার দর্শকরাই শেষবারের মতো রঙ্গীন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছেন ভারতের ‘ক্রিকেট গড’ হিসেবে পরিচিত শচীন রমেশ টেন্ডুলকারকে। কারণ, ওয়ানডে ক্রিকেটকে ‘গুডবাই’ জানিয়েছেন তিনি। গতকাল রবিবার এক বিবৃতিতে সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার জানালেন, তিনি আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না । ফলে ঢাকায় এশিয়া কাপে খেলা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর, আজ থেকে ২৩ বছর আগে পাকিস্তানের বিপক্ষে কিশোর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। তারপর থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান করেছেন তিনি। খেলেছেন সবচেয়ে বেশি ম্যাচ। সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি। আবার ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিও তার নামের পাশে। বিশ্বকাপেও সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরি করেছেন এই সুপারস্টার। সব মিলিয়ে অগণিত বিশ্বরেকর্ড নামের পাশে নিয়ে বিদায় নিলেন তিনি।
তবে বিদায়ের সময় বলেছেন, এসব অর্জনের কোনোটাই নয়; তার জীবনের সেরা অর্জন ২০১১ সালের বিশ্বকাপ জয়। তবে এর থেকেও বড় প্রাপ্তি হিসেবে তিনি মনে করছেন ভারতসহ বাকি দুনিয়ার কোটি কোটি মানুষের ভালোবাসা।