১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন সাংবাদিকরা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:২৯
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে পহেলা জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও ২০ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে গণঅনশন কর্মসূচি শেষে এই ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। প্রতীকী অনশন শেষে বিকালে বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, দাবি আদায়ে আগামী ১ জানুয়ারি সকাল ১১টায় প্রেসক্লাব থেকে সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবেন। দাবি আদায় না হলে ২০ জানুয়ারি সকাল ১১টায় প্রেসক্লাবে হবে সাংবাদিকদের মহাসমাবেশ। ওইদিন সারা দেশেই প্রেসক্লাবগুলোতে সমাবেশ করবেন সাংবাদিকরা। এছাড়া একইদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় কর্মবিরতি পালন করা হবে।
প্রসঙ্গত, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি পূর্ব রাজাবাজারের ফ্ল্যাটে খুন হন। দীর্ঘদিনেও এই হত্যার বিচার না হওয়ায় আন্দোলনে নামেন সাংবাদিক সমাজ।