এ বছরটা অর্থনীতির জন্য খুবই ভালো ছিল :অর্থমন্ত্রী
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩১
সরকার যখন সাফল্যের কথা বলে তখন দেশের গণমাধ্যমগুলো তার গুরুত্ব দেয় না, অন্যদিকে একই তথ্য যখন বিদেশি পত্রিকায় আসে, তা ফলাওভাবে প্রচার করা হয়। গতকাল রবিবার সচিবলায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১২ সালকে অর্থনীতির জন্য একটি ভালো বছর হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি পত্রিকা বললেই আমরা উদ্বেলিত হই। আর নিজেরা (সরকার) বললে তা পাত্তা দেয়া হয় না। অন্যদিকে অর্থনীতির বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রয়োজন এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের চোখে উন্নয়নের কোন বিষয় ধরা পড়ে না। শুধু নেতিবাচক খবরগুলো ফলাওভাবে প্রচার করেন তারা।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানে বাংলাদেশসহ কয়েকটি দেশের অর্থনৈতিক সম্ভবনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমাদের চরিত্রটাই এমন, যখন ইকোনমিস্ট বলে, যখন ওয়াল স্ট্রিট জার্নাল বলে, যখন গার্ডিয়ান বলে তখন আমরা খুব উচ্ছ্বসিত ও উদ্বেলিত হয়ে যাই। আর আমরা (সরকার) যখন বলি, তখন এটা ঠিক নয়, এটা খারাপ বলে প্রচার করা হয়।
তিনি আরো বলেন, ‘একটি প্রতিষ্ঠান হয়েছে, একটি থিঙ্ক ট্যাংক হয়েছে। তার মধ্যে কোনো স্কলার আছে কি-না আমার সন্দেহ আছে’। ইদানীং সব কাগজে তাদের কথা খুব বলে। তারা বলে, সরকারের গ্রোথ হবে না। এটা বলে, ওটা বলে- সব নেগেটিভ। আর নেগেটিভ হলেই...। এ সময় তিনি তার কথা শেষ না করে অন্য প্রসঙ্গে চলে যান।
২০১২ সালটা কেমন গেল জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, জাতীয় সংসদে রাষ্ট্রপতি যে বক্তব্য দেবেন, তাতে এ বিষয়টি থাকবে। ওই বক্তব্য এখন তৈরি হচ্ছে। এ ছাড়া সংসদেও এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে। তবে আমি মনে করি, দেশের অর্থনীতির জন্য খুবই ভালো একটি বছর ছিল ২০১২ সাল। এ বছর কোনো দুর্যোগ হয়নি। কয়েকটা দিন বাকি, খুব ভালো গেছে বছরটা।
তবে খান সরওয়ার মুরশিদ, কবির চৌধুরীর মতো অনেক গুণী ব্যক্তিকেও এ বছর বাংলাদেশ হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে গতকাল সচিবালয়ে আইসিএবি ও আইসিএমএবির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।