ইসলামী বিশ্ববিদ্যালয় সচল করার দাবিতে মহাসড়ক অবরোধ

দীর্ঘদিন অচল ইসলামী বিশ্ববিদ্যালয় সচল করে অনতিবিলম্বে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে গতকাল রবিবার কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ও বিশ্ববিদ্যালয় মেইন গেট অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার থেকে লাগাতার অনশন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক নেতারা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। দুুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মেইন গেট অবরোধ ও ক্যাম্পাসের নির্ধারিত ১২টার গাড়ি ২টা পর্যন্ত আটকে রাখে তারা। এ সময় শিক্ষার্থীরা বলে, আমরা চাকরি বাণিজ্য, স্বজনপ্রীতি, রাজনীতি বুঝি না। আমরা চাই ক্লাস ও পরীক্ষা। আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে শিক্ষকরা নোঙরা রাজনীতি করবে এটা আমরা মেনে নিতে পারি না। তারা বলে, নতুন নিয়োগে ব্যাপক অর্থ বাণিজ্য করে বিগত চার মাস বিশ্ববিদ্যালয়কে অচল করে রেখে আমাদের ভবিষ্যত্ জীবনকে গহীন অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয়েছে। সরকারের কাছে আমদের আকুল আবেদন, আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান! এদিকে শিক্ষক সমিতির অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের তিন কর্তাব্যক্তির পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।