সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছে স্থায়ী কমিটি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির আগামী বৈঠকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অপরদিকে পুলিশকে আক্রমণকারী স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংসদ সদস্যসহ সকল জন- প্রতিনিধিকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সদস্যরা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সম্পর্কে জানতে চান। জবাবে তদন্তে নিয়োজিত র্যাবের পক্ষ থেকে বিস্তারিত অবহিত করা হয়। এরপর কমিটির আগামী বৈঠকে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য র্যাবকে বলা হয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। এ সময় বলা হয় পুলিশকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার পাশাপাশি অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে। এছাড়া কমিটি মনে করে স্বাধীনতা বিরোধীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়া কোনভাবেই মেনে নেয়া যায় না।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ডোনেশন হিসাবে পুলিশের গাড়ি, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম গ্রহণ করার বিষয়ে সরকারি খসড়া নীতিমালা আগামী বৈঠকে কমিটির সামনে উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া পুলিশ সংস্কার আইন দ্রুত প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মো. মুজিবুল হক, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।