নারায়ণগঞ্জে ওসি ও সেকেন্ড অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে রহস্যজনক বিস্ফোরণে এস আই শাহজাহানের মৃত্যুর ঘটনায় থানার ওসি নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক বিনয় কৃষ্ণ রায় ও অজ্ঞাত ২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত শাহজাহানের স্ত্রী লায়লা সাজু বাদী হয়ে গতকাল রবিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চাঁদনী রূপম মামলাটি আমলে নিলেও তাত্ক্ষণিক কোন আদেশ দেয়নি। তিনি আদালতে জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আদেশ দিবেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালেদ হোসেন সরকার রুমী জানান, নারায়ণগঞ্জের বন্দর থানায় এস আইয়ের দায়িত্ব পালনের সময়ে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা মালখানার দায়িত্ব দেন। কিন্তু কয়েকদিন ধরেই থানার ওসি নূর মোহাম্মদ বেপারী ও সেকেন্ড অফিসার এস আই বিনয় কৃষ্ণ মালখানার মালামাল সরিয়ে নিতে শাহজাহানকে বলেন। কিন্তু এতে শাহজাহান রাজি হয়নি। শাহজাহান গত ১৩ ডিসেম্বর রাতে থানার ভেতরে কোয়ার্টারের সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। তখন ওসি নূর মোহাম্মদ বেপারী ও সেকেন্ড অফিসার বিনয় কৃষ্ণসহ অজ্ঞাত আরো ২ জন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা শাহজাহানের দিকে ছুঁড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণে শাহজাহান মারাত্মক দগ্ধ হয়। এতে তার শরীরের কমপক্ষে ৮০ভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। প্রসঙ্গত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গত ১৭ ডিসেম্বর ভোরে মারা যান শাহজাহান। মারা যাওয়ার আগে শাহজাহান তার মৃত্যুর জন্য ওসি ও সেকেন্ড অফিসারকে দায়ী করেন।