আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

যুদ্ধাপরাধীদের বিচার হলে তাঁর আত্মা শান্তি পাবে :তোফায়েল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গতকাল রবিবার পালিত হয়েছে। সকালে বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় দাবি। এ বিচার সম্পন্ন করার দাবিতে যে আন্দোলন চলছে, তা শুরু করেছিলেন মরহুম আব্দুর রাজ্জাক। তাই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে তার আত্মা শান্তি পাবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমৃত্যু সোচ্চার ছিলেন আব্দুর রাজ্জাক। দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় ছিলেন প্রয়াত আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়াও শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা জানায়। প্রয়াত আব্দুর রাজ্জাকের নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যার জনগণের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় গুলশানে আব্দুর রাজ্জাকের পরিবারের পক্ষে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক গত বছরের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৬৯ বছরে মারা যান।