যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় সুরঞ্জিত কীভাবে আগেই বলে দিলেন :নোমান

গত শুক্রবার ১৪ দলের গণমিছিলের সমাবেশে আগামী বছর ১৪ ডিসেম্বরের মধ্যে ১৪ জন যুদ্ধাপরাধীর ফাঁসি হবে বলে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমরা জানতে চাই, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির রায় ঘোষণার আগে সুরঞ্জিত সেনগুপ্ত কীভাবে যুদ্ধাপরাধী বিচারের রায় বলে দিলেন? গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নোমান এ কথা বলেন। মানববন্ধন কর্মসূচিতে তাঁতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ তাঁতীদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল। আমাদের দলেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা রয়েছেন। আমি নিজেও সেই সময়ে মাঠে থেকে যুদ্ধ করেছি। আমরা সবসময় বলে আসছি- একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচার চাই; কিন্তু সেই বিচার হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। বিচারের রায়ের আগেই সরকারের একজন দফতরবিহীন মন্ত্রী কীভাবে যুদ্ধাপরাধীর বিচারের রায় জানলেন? তাই আমাদের প্রশ্নঃ এই বিচার স্বচ্ছ হচ্ছে কিভাবে?