সরাইলে ইকবাল আজাদ হত্যা মামলা
উপজেলা চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি একেএম ইকবাল আজাদের খুনের ঘটনায় পুলিশের দাখিল করা চার্জশিট শুনানি শেষে আদালত গ্রহণ করেছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাইফুর রহমান সিদ্দিকের আদালতে গতকাল রবিবার শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন ভুঁইয়া গত ১৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২৩ ডিসেম্বর অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য করেছিলেন।
দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাতে গত ২১ অক্টোবর সন্ধ্যায় খুন হন একেএম ইকবাল আজাদ। পুলিশ প্রায় দুই মাস তদন্ত শেষে এজাহারভুক্ত ২২ আসামিসহ ২৯ জনের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে গতকাল আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।