ব্রাহ্মণবাড়িয়ায় সুমন হত্যা মামলা
সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ২৪ জন জেল হাজতে
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সুমন হত্যা মামলায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি কাঁচন মিয়াসহ ২৪ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আসামিরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজমের আদালতে গতকাল রবিবার হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
শহরের সিটি সেন্টারের সামনে ফুটপাতে বসাকে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কান্দিপাড়ার মাইমল হাটির লোকজনের সাথে বিরাসার গ্রামের লোকজনের মারামারি হয়। মারামারির এক পর্যায়ে বিরাসার গ্রামের জজ মিয়ার পুত্র ফল ব্যবসায়ী সুমন মিয়া আহত অবস্থায় দৌড়ে পালিয়ে যাবার সময় জেল রোডে সিএনজি টেম্পুর সাথে ধাক্কা লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।