সাতক্ষীরা সীমান্তে একবছরে ৩১ কোটি টাকার চোরাচালানী পণ্য
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৪০
গত একবছরে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তাদের আওতাধীন সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকার চোরাচালানী পণ্য আটক করে। এর মধ্যে ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। অবৈধ এসব পণ্যের সাথে আটক করা হয় ২০৪ জন চোরাচালানীকে। এছাড়া একই সময়ে ভারতীয় গবাদিপশু করিডোরের মাধ্যমে মোট ২৪ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা সরকারি কোষাগারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করেছে বিজিবি। বিজিবি দিবস-’১২ উপলক্ষে সাতক্ষীরার তালতলাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহাম্মাদ আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে প্রীতিভোজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু বাছির। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লস্কর তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ হামিম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর সামিউন নবী চৌধুরী, অপারেশন অফিসার মেজর সোহেল প্রমুখ।