জীবননগরে বীর প্রতিক শহীদ হারুনের পরিবারের মানবেতর জীবন যাপন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৪০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত শহীদ হারুনুর রশিদের একমাত্র ছেলে শামছুল হক অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন। শামছুল হক ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ রেলওয়ের জমিতে ছোট্ট একটি দোচালা ঘরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। রেলওয়ের জমিতে বসবাস করলেও সবসময় দুশ্চিন্তায় আছেন কখন উচ্ছেদ অভিযানের কারণে তাদেরকে অন্যত্র চলে যেতে হয়। এছাড়া অর্থাভাবে তিনি বড় ছেলে মোয়াজ্জেমকে (১৬) লেখাপড়া করাতে পারেননি। নিজের জমিজমা বলতে কিছুই নেই। যার ফলে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে হচ্ছে তাকে।
শামছুল হক জানান, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সম্মানে সংসদ ভবনের উত্তর প্লাজায় জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শহীদ পরিবারের সন্তান হিসেবে যোগদান করেন। এছাড়া ২০০৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে রাষ্ট্রপতির সাথে খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার উত্তারাধিকারী হিসেবে শামছুল হক সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাকে আর্থিক ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।