প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘দাবাঙ ২’

বলা যেতে পারে ২০১২ সালের বড় ছবির মধ্যে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিই হচ্ছে ‘দাবাঙ ২’। মুক্তির আগেই সালমান বলেছিলেন ‘দাবাঙ ২’ রেকর্ড ভাঙবে। তাই হলো, মুক্তির প্রথম দিনেই ছবিটি রেকর্ড ভাঙল এ বছরের। প্রথম দিনে ২১.১০ কোটি রুপি আয় করা কম কথা নয়। খুব কম তারকাই আছেন যাদের ছবি এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে পৌঁছায়। আর এই ক্লাবের তারকা হিসেবে আমির, শাহরুখ ও সালমানকে ধরা হয়। কিন্তু এবার আমির এই ক্লাবে প্রবেশ করতে ব্যর্থ হলেও সালমান ব্যর্থ হবেন না বলে আশা করা যায়। ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবির আয় প্রথম দিনেই ২১.১০ কোটি রুপি। ভারতের ইতিহাসেও বলা যায় কোনো প্রকার উত্সব বা বন্ধের দিন ছাড়া মুক্তি পাওয়া ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড। সালমান গতকাল এক সাক্ষাত্কারে বালেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসী যে, আমার ছবি এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে ঢুকবে। শুধু ঢুকবেই নয়, আরও কিছু দাবাঙ করবে, ভাঙবে আরও বাহাদুরের রেকর্ড। সবে তো শুরু।’