সিল্ক ও সেরিকালচার খাতে বিনিয়োগে আগ্রহী চীন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:০৯
বাংলাদেশের সিল্ক ও সেরিকালচার (রেশম পোকার গুটি চাষের পদ্ধতি) খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনের ব্যবসায়ীরা। বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সমপ্রসারণ ও বিনিয়োগের ক্ষেত্রগুলো সরেজমিনে যাচাই করে দেখতে চীন চেম্বার অব কমার্স ফর এক্সপোর্ট-ইমপোর্ট অব টেক্সটাইলের (সিসিসিটি) একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছেন। গতকাল বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে আলোচনায় এ আগ্রহের কথা জানান সফরকারী ব্যবসায়ীরা।
বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশের তৈরি পোশাক এবং সিল্ক ও সেরিকালচার খাতের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নীতি সহায়তা, তুঁত চাষীদের জন্য সরকারের বিশেষ সহায়তা, গত ১০ বছরে সিল্ক ও সিল্কজাত পণ্যের উত্পাদন পরিসংখ্যান এবং সিল্ক ও সেরিকালচার খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিএমইএ সিসিসিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সফররত সিসিসিটির আট সদস্যের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন সিসিসিটির ভাইস চেয়ারম্যান জেং জিনম্যান। ওই প্রতিনিধি দলে চীনের অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুইজন প্রতিনিধিও রয়েছেন। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সিসিসিটির প্রতিনিধিদলের সদস্যরা ছাড়াও সিল্ক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলাউদ্দিন আহমেদ, বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) এস এম মান্নান কচি, সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।