বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে কাল
ক্লার্ককে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৬
শ্রীলংকার বিপক্ষে আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কারণ হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ফিটনেস সমস্যায় থাকা ক্লার্ককে খেলানোর ব্যাপারে অজি নির্বাচকরা ঝুঁকি নিতে চাইছেন না। সেক্ষেত্রে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর সাড়ে পাঁচটায় অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যকার তিন টেস্টের দ্বিতীয়টিতে অধিনায়কত্ব করবেন শেন ওয়াটসন। অপরদিকে ক্লার্ক খেলতে না পারলে তার স্থলাভিষিক্ত হবেন উসমান খাজা।
অস্ট্রেলিয় নির্বাচক জন ইনভেরারিটি সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ক্লার্ক তাদের জন্য এতটাই মূল্যবান যে তাকে নিয়ে জুয়া খেলা যায় না। তারপরও গত সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) নেটে ব্যাটিংয়ের পরে ম্যাচের সকাল পর্যন্ত অধিনায়কের ফিটনেস প্রমাণের সুযোগ দেয়া হয়েছে। তাই ক্লার্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে খেলার দিন সকালে।
হোবার্টে প্রথম টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার ৪৩১তম টেস্ট ক্রিকেটার হিসাবে অভিষেক ঘটতে যাচ্ছে ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার জ্যাকসন বার্ডের। বাঁহাতি পেসার মিশেল স্টার্ককে বিশ্রামে রাখার বিষয়টি কোচ মিকি আর্থার নিশ্চিত করায় বার্ডের সম্ভাবনা উজ্জ্বল হয়।
সবকিছু ঠিক থাকলে বার্ড নতুন বলে পিটার সিডলের সাথে বোলিংয়ে নামবেন। এমসিজিতে দুটি প্রথম শ্রেণীর ম্যাচে ১৪ উইকেট দখল করা বার্ডের পরিসংখ্যান বেশ ভাল। হোবার্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নেয়া স্টার্ককে কোন ইনজুরি নয়, অতিরিক্ত চাপ কমাতেই বিশ্রাম দেয়া হয়েছে।
সিডনি টেস্টে ২২ বছর বয়সী স্টার্কের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর এই রোটেশন পদ্ধতির অর্থই হচ্ছে মেলবোর্নে বল হাতে বার্ড, সিডল এবং মিশেল জনসনকে তাদের দায়িত্ব পালন করতে হবে।
এদিকে স্টার্কের বিশ্রামের বিষয়টি সমর্থন করেছেন আর্থার। এর আগে দুই টেস্টে ১৪ উইকেট দখল করা স্টার্ককে আগামী বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করেন কোচ। তবে তিনি বলেন, ‘এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত। স্টার্কের সাথে এ বিষয়ে আলোচনা করাটাই কষ্টকর ছিল, কিন্তু সে বিষয়টি বেশ স্বাভাবিকভাবে নিয়েছে। সে হতাশ হয়েছে, এটাই স্বাভাবিক। আমরা এখানে শুধু ভবিষ্যতের ব্যস্ততার কথাই বিবেচনা করেছি, অন্য কোন বিষয় কাজ করেনি। স্টার্ক আমাদের এমন একজন পেসার যে তিন ধরনের ফর্মেটেই বল করতে পারে। আর তিন ধরনের ম্যাচেই সে আমাদের দলের তারকা খেলোয়াড়। আশা করছি একটা টেস্ট বিশ্রামে থেকে সে আবার দলে ফিরে আসবে। এর ফলে সে ওয়ানডে সিরিজ, ভারতীয় সফর এবং অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করে তুলবে।’
এ টেস্টের জন্য শ্রীলংকার প্রস্তুতি বিঘ্নিত হয়েছে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনার সাথে তার দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতি হওয়ায়। তার মধ্যেই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা নিজের ১১৫তম টেস্ট খেলতে নামছেন। যদিও বক্সিং ডে টেস্ট খেলতে যাচ্ছেন প্রথমবারের মতো।-বাসস/সিডনি মর্নিং হেরাল্ড