স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রায় ষড়যন্ত্র প্রতিরোধের শপথ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় গতকাল সোমবার রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। আনন্দ শোভাযাত্রা থেকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ষড়যন্ত্র প্রতিরোধ করার শপথ গ্রহণ করা হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে সংগঠনটির শোভাযাত্রা এসে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। এরপর শোভাযাত্রাটি জিপিও, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, মত্স্যভবন হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব সমাবেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, গত ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিগত চার দশক ধরে শেখ হাসিনার রাজনৈতিক দর্শনের প্রতিফলন এই জনগণের ক্ষমতায়নের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি।