যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সোচ্চার শিক্ষক-শিক্ষার্থী

বাংলাদেশকে স্বপ্নে, চিন্তায়, বাক্যে ও কর্মে আজীবন ধারণের প্রত্যয়ে গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় শোভাযাত্রা। সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রায় ৫ কিমি দূরে জাতীয় স্মৃতি সৌধে গিয়ে শেষ হয় এ বিজয় শোভাযাত্রা। সবার মাথায়, হাতে, মুখে আলপনা আঁকিয়ে লাল সবুজের সমাহার। বিভাগের শিক্ষার্থীরা তাদের গালে বাংলাদেশের মানচিত্রসহ বিজয়ের বিভিন্ন আলপনা এঁকে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি করে। বাঁশিসহ নিজ নিজ বিভাগ ও হল ও অফিসের ব্যানার বহন করেন। বিভিন্ন ফেস্টুন, ব্যানার, যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে প্রতীকী ফাঁসির কুশপুত্তলিকা বহন করে । এছাড়া বিজয়ের ৪১ বছরের দীর্ঘ ৪১ হাত পতাকা জাতীয় স্মৃতিসৌধে বহন করে নিয়ে যাওয়া হয়। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ, ২টি ইন্সটিটিউট ও ১২টি হল স্ব স্ব ব্যানার নিয়ে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছায়। জাতীয় স্মৃতি- সৌধে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দেশ গড়ার জন্য শপথ বাক্য পাঠ করা হয়। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন শপথ বাক্য পাঠ করান।