সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী প্রয়াস
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
‘হই সচেতন, বাঁচাই জীবন, নিরাপদ সড়ক গড়তে করি পণ’ এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বাইসাইকেলে বেরিয়েছেন পুরো দেশ ভ্রমণে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাডভেঞ্চার’ ক্লাবের ওই ৬ সদস্য রবিবার শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার সামনে সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রবিবারই তারা আনুষ্ঠানিকভাবে ভ্রমণ শুরু করেছেন। ময়মনসিংহের গারো পাহাড় থেকে তারা যাবেন খুলনা অঞ্চলে।
দলের প্রধান নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিরুল ইসলাম বলেন, শুধুমাত্র চালকের অসচেতনতা আর প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে প্রতি বছর আমাদের দেশে কত তাজা প্রাণ যে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অকালে ঝরে যায়, তার কোন হিসাব নেই। সড়ক দুর্ঘটনায় কোন মানুষের মৃত্যুর খবরে আমরা দারুণভাবে আহত হই। তাই চালক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অন্য ভ্রমণসঙ্গীরা হলেন, নৃবিজ্ঞানের রফিকুল ইসলাম এবং রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যার শাহাদাত্ হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাজিদুল ইসলাম, দর্শনের কবীর আপন। শ্রীপুরের জৈনাবাজার এলাকায় তারা রবিবার রাত যাপনের পর আজ ফের শুরু করবেন সাইকেল ভ্রমণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি রবিবার সকালে ওই ৬ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ক্যাম্পাস চত্বর থেকে।