চান্দিনায় ভূমিহীনদের নাট্য পদযাত্রা শুরু

কুমিল্লার চান্দিনায় পথনাটকের মাধ্যমে ভূমিহীনদের জাগ্রত করতে দু’ দিনব্যাপী নাট্য পদযাত্রা শুরু করেছে ‘নিজেরা করি’ নামে একটি সামাজিক সংগঠন। গতকাল সোমবার সকাল ১০টায় চান্দিনা ভূমিহীন সমিতির উদ্যোগে ‘নাটক হোক গণমানুষের মুক্তির চেতনা সাংস্কৃতিক পদযাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই পথনাটক শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জনসচেতনা-মূলক একটি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা হয়। উপজেলার নারী নেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান প্রমুখ।