আজও জোটেনি মুক্তিযোদ্ধা ভাতা

’৭১’র রণাঙ্গনের বীর সৈনিক আবুল হাসেম হাওলাদার (৭৫)। জীবন বাজি রেখে একাধিকবার সম্মুখ যুদ্ধও করেছেন। যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধা যুদ্ধে তার হাতের একটি আঙ্গুল হারিয়েছেন। জীবনের তাগিদে হাড্ডিসার দেহ নিয়ে মুক্তিযোদ্ধার পদক ও সনদের ফটোকপি গলায় ঝুলিয়ে এখন পথে পথে শালসা বিক্রি করে বেড়াচ্ছেন। মুক্তিযোদ্ধা আবুল হাসেম হাওলাদারের বাড়ি কাউখালির শিয়ালকাঠির কচা নদীর পাড়ে। নদী ভাঙ্গনে হারিয়েছেন শেষ সম্বল বসতবাড়ি। এখন তিনি ৭ সদস্যের সংসার নিয়ে কোনভাবে মাথা গুঁজেছেন কাউখালির বিড়ালজুড়ি আশ্রয়ন প্রকল্পে। বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম হাওলাদার জানান, যুদ্ধের সময় সুন্দরবন অঞ্চলের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের অধীনে যুদ্ধ করেছেন। তিনি আরো জানান, যুদ্ধের এত বছর পর ২০০৭ সালে তিনি অনেক কষ্ট-ক্লেশের পর মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন। ওই বছর কাউখালি মুক্তিযোদ্ধা সংসদ থেকে তাকে একটি মেডেলও দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে তার ভাগ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা আজও জোটেনি। ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন বলেন, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি যে মুক্তিযোদ্ধা ভাতা পান না তাও আমি জানি না। তবে আমরা তার ভাতাপ্রাপ্তির ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেব।