কসবায় শ্রেষ্ঠ কাব নির্বাচনে দুর্নীতির অভিযোগ

কসবা উপজেলা সদরের অদূরে জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটের ইউনিট লিডার গোলাম রব্বানীর শ্রেষ্ঠ কাব নির্বাচন নিয়ে কাব ও স্কাউটদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এক বাক্যে সবাই ক্ষোভ প্রকাশ করেছেন যে এটা কথিত ইউনিট লিডার রব্বানীর শ্রেষ্ঠ দুর্নীতি। খোঁজ নিয়ে জানা যায় কসবা পৌর এলাকায় আকবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রিহান ভুঁইয়াকে জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব নির্বাচিত করা হয়। স্থানীয় স্কাউট সংশ্লিষ্ট একদল কাব ও স্কাউট জানায়, রিহান ভুঁইয়া জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয়। সে আকবপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর ২০১২ সালের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সমাপনী পরীক্ষায় তার রোল নম্বর ৭০০০। এদিকে রিহান ২০১২ সালে শাপলা এওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপ থেকে। এ ব্যাপারে স্কাউট কমিশনার সাকায়েত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রিহান প্রকৃত অর্থে জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয় এমনকি ডিআরভুক্তও নয়। তিনি বলেন, এটা চরম দুর্নীতি। তিনি বলেন, একজন স্কাউট লিডারের এমন আদর্শ হওয়া উচিত নয়। স্থানীয় শিক্ষকরা জানান রব্বানী রিহানের হাউজ টিউটর হওয়ায় সরকারের নীতিমালা বহির্ভূত কাজ করেছে। রব্বানীর মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।