মহাদেবপুরে কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা

মহাদেবপুরে কোল্ড ইনজুরিতে বোরো বীজতলা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত কয়েকদিনের ঘনকুয়াশা আর প্রচন্ড ঠান্ডায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে এখানকার অধিকাংশ বোরো বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে করে চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোল্ড ইনজুরিতে বোরো বীজতলার ক্ষতি সাধিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোন ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, এখানে এবার প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বীজতলা তৈরি করা হয়েছে প্রায় ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে। শেরপুর গ্রামের কৃষক শামীম সরদার রিপন জানান, বোরো রোপণের আগ মুহূর্তে তার বীজতলার চারা হলুদ বর্ণ ধারণ করে অকালেই মরে যাচ্ছে। এতে তিনি বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয় কৃষি বিভাগের মতে, ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার কারণে খুব সামান্য বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এদিকে কোল্ড ইনজুরি থেকে বীজতলার চারা রক্ষার জন্য রাতে বীজতলার চারা পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং সালফার সমৃদ্ধ ছত্রাক নাশক স্প্রে করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে।