বৈরী আবহাওয়ায় মধু সংগ্রহে বিপত্তি
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১১
বৈরী আবহাওয়া ও একটানা কুয়াশার ফলে টাঙ্গাইলে পেশাদার মৌ-পালকরা মধু সংগ্রহ করতে পারছে না। মধু সংগ্রহের ভরা মৌসুমে শত শত মৌ-কলোনী নিয়ে অলস সময় কাটাচ্ছে। জানা যায়,টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় তিন শতাধিক পেশাদার মৌ-পালক রয়েছে। এরা বাণিজ্যিক ভিত্তিতে মধু উত্পাদন করে। বেসরকারি সংস্থা মউস জানায়, এ পাঁচ উপজেলায় বার্ষিক দুই থেকে আড়াইশ’ টন মধু উত্পাদিত হয়। এপি, স্কয়ার, থেম এবং আয়ুর্বেদ ওষুধ কোম্পানি মধুর ক্রেতা। প্রতি কেজি মধু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। সরিষা মৌসুমে মধু সংগ্রহের ধুম পড়ে যায়। বাংলাদেশ মৌচাষি কল্যাণ সমিতির সভাপতি এবং ভূঞাপুর উপজেলার আগতেরিল্লা গ্রামের দুলাল হোসেন জানান- বিশদিন আগে ১৫০টি মৌ-কলোনী সরিষা ক্ষেতে নামিয়েছেন। কিন্তু ১০ কেজি মধুও সংগ্রহ করতে পারেননি। আর মাত্র দুই সপ্তাহ পর সরিষা ফুল দানায় পরিণত হলে মধু সংগ্রহ বন্ধ হয়ে যাবে। বৈরী আবহাওয়ার জন্য কেউ মধু সংগ্রহ করতে পারছে না। মৌচাষ উন্নয়ন সংস্থার পরিচালক মুক্তিযোদ্ধা আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টানা কুয়াশা ও শৈত্যপ্রবাহের ফলে চাষিরা হতাশ হয়ে পড়েছে।