আজ উলিপুর আওয়ামী লীগের কাউন্সিল

দীর্ঘ ১০ বছর পর আজ উলিপুর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে দলটির উপদলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য কাদা ছোঁড়াছুঁড়ি করায় মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। উপজেলা আওয়ামী লীগের সাথে উপদলীয় কোন্দল মেটাতে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ নেতা চাষী আব্দুল করিম দুই দফা বৈঠক করেছেন। ১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা নিজেদের পদ আঁকড়ে রাখতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের একাধিক প্রার্থী হওয়ায় খোদ কাউন্সিলরা পড়েছেন মহাবিপাকে। কোন কোন প্রার্থী নিজেদের পক্ষে রায় নিতে বিপুল পরিমাণ অর্থ কাউন্সিলরদের পিছনে বিনিয়োগ করছেন বলে পরস্পরবিরোধী অভিযোগ উঠেছে। সব মিলিয়ে কাউন্সিলকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে উত্তেজনার পাশাপাশি উত্সবের আমেজ লক্ষ্য করা গেছে।